
ছবি সংগৃহিত
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর এটিকে পরিকল্পিত হত্যাচেষ্টা বলে দাবি করেছেন। এ ঘটনায় তিনি গতকাল সোমবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে অজ্ঞাতনামা ১২ থেকে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
এর আগে গতকাল বিকেলে নগরের বিনোদপুর এলাকায় এনসিপির নেতাসহ কয়েকজন সড়ক দুর্ঘটনায় আহত হন। তাঁরা হলেন এনসিপির রাজশাহী জেলার সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, সদস্য আবদুর বারি এবং সাংবাদিক সোহানুর রহমান। গুরুতর আহত আবদুর বারিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাহিদুল ও সোহান চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
নাহিদুল বেঙ্গল নিউজ টিভি অনলাইনকে বলেন, ‘এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, আমাকে হত্যার উদ্দেশ্যেই ধাক্কা দেওয়া হয়েছে। যেদিক দিয়ে গাড়িটি আসছিল, সেটি স্বাভাবিক চলাচলের পথ নয়। এটি পরিকল্পিত হামলা।’
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বেঙ্গল নিউজ টিভি অনলাইনকে বলেন, থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা