
গাইবান্ধা সদর উপজেলা, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। মানিকগঞ্জ ও পটুয়াখালীতে আরো তিনজনের প্রাণহানি হয়েছে। এছাড়া ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের চারটি স্থানে পৃথক দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। মুন্সিগঞ্জের শ্রীনগর, লৌহজং এবং মাদারীপুরের শিবচরে বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
মুন্সিগঞ্জ: ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজং অংশের তিন স্থানে সাতটি যানবাহনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন কাভার্ড ভ্যানচালক ও বাসচালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত ১টা থেকে গতকাল ভোর সাড়ে ৫টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ী ব্রিজের ঢালে ও লৌহজং উপজেলার মেদেনীমণ্ডল এলাকায় মাওয়ামুখী লেনে এসব দুর্ঘটনা ঘটে। সবশেষ ভোরে শ্রীনগরে একটি কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।
মাদারীপুর: ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে গাড়ি তিনটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
মানিকগঞ্জ: জেলার সিংগাইরে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সকালে আশুলিয়ার সন্দ্বীপ এলাকা থেকে ছয়টি মোটরসাইকেলে করে ১২ জন সিংগাইর উপজেলায় খেজুরের রস পান করতে আসেন। ফেরার পথে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের গেড়াদিয়া এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাহমুদুর হাসান মিরাজ (১৯) ও মো. ইউসুফ (১৫)।
পটুয়াখালী: জেলার দশমিনায় টমটম উল্টে পলাশ ফকির (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে দশমিনা-গলাচিপা সড়কের কোর্ডেরকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ ফকির উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মো. নিজাম উদ্দিন ফকিরের ছেলে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা