প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৫:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৩:৫৭ পি.এম
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দিয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজের পোস্ট করা একটি ছবিতে এ ঘোষণা দেন ট্রাম্প। পোস্ট করা ছবিতে দেখা গেছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে নিযুক্ত হয়েছেন তিনি।
এর আগে, ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে। বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।
মাদুরোকে অপহরণের কয়েক ঘণ্টা পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। ভেনেজুয়েলার সেনাবাহিনীও দেলসি-কে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দেন দেলসি। তার মধ্যেই নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন ট্রাম্প।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা