কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী 'বলাকা সার্ভিস' গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে চকরিয়া-মগনামা সড়কের আন্নরআলী মাতবর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তাহাসিন (২)। সে আবদুল হকের সন্তান বলে জানা গেছে।
দুর্ঘটনায় শিশুটির মা আনারকলি গুরুতর আহত হয়েছেন। হতাহতের পরিবারের সদস্যরা জানান, তাঁরা কক্সবাজারের ঈদগাঁও পালাকাটা এলাকার বাড়ি থেকে কুতুবদিয়ায় নানার বাড়ি যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আহতদের বর্তমানে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা