দেশের বিভিন্ন স্থানের মতো বরিশালেও হামের প্রকোপ প্রতিরোধে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় নগর মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্রে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলার বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা ও বরগুনা জেলা সদরে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের আজ হামের বিশেষ টিকা প্রদান করা হচ্ছে। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন জানান, বরিশাল সিটি করপোরেশন এলাকায় হামের প্রাদূর্ভাব কম।
তারপরও নগরীতে যাতে হামের প্রভাব না ছড়ায় এবং শিশুরা সুস্থ থাকে, তার জন্য টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল জেনারেল হাসপাতাল ও নগর মাতৃসদন ছাড়াও ৫টি কেন্দ্র খোলা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হবে।
বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এপর্যন্ত বিভাগের ছয় জেলায় হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮৫ জন। এদের মধ্যে ২৮১ জন সুস্থ হয়ে বাড়ি গিয়েছে। সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬১২। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ২৮ জন ভর্তি রয়েছেন।
অপরদিকে, আজ সকাল সাড়ে ১০টায় বাকেরগঞ্জ দুধলমৌ নাজিম মৃধার বাড়ির সংলগ্ন টিকা ক্যাম্পে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য উপদেষ্টা জিয়া উদ্দিন হায়দার। তিনি বলেন, “দেশে পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রথমে টিকা দেওয়া হচ্ছে, পরবর্তীতে সারাদেশে কার্যক্রম পরিচালনা করা হবে।” তিনি অভিভাবকদের টিকা নিয়ে উৎকণ্ঠিত না হওয়ার জন্যও আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা