নেত্রকোণার আটপাড়া উপজেলা সদরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন সাড়ে ৮ কোটি টাকা ব্যায়ে নির্মাণাধীন ৭ কিলোমিটার সড়ক পাকাকরণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
প্রকল্পের ৫০০ মিটার অংশে আরসিসি ঢালাইয়ের কাজে নির্ধারিত নকশা ও স্পেসিফিকেশন না মেনে কাজ করার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানূর এবং সওজ বিভাগের কর্মকর্তারা।
পরিদর্শনে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। পরিদর্শনে গিয়ে তারা দেখতে পায় যেখানে সিসি ঢালাইয়ের পুরুত্ব ৪ ইঞ্চি হওয়ার কথা, সেখানে দেওয়া হয়েছে মাত্র ২ ইঞ্চি। একইভাবে ১২ ইঞ্চি আরসিসি ঢালাইয়ের স্থলে দেওয়া হয়েছে ৮ থেকে ৯ ইঞ্চি।
নির্মাণকাজে এমন গরমিল দেখে বিস্ময় প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা। ঠিকাদার প্রতিষ্ঠানের যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেনি, তাই তাদের নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানূর রহমান বলেন, অনিয়মের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে নিয়মবহির্ভূতভাবে কাজ করার বিষয়টি দেখতে পাই। পরে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কাজ বন্ধ করে দেওয়া হয়। সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আমি নতুন দায়িত্বে এসেছি। এমপি মহোদয়সহ পরিদর্শনে গিয়ে অনিয়মের বিষয়টি স্পষ্ট বুঝতে পেরেছি।
যেখানে সিসি ঢালাই ৪ ইঞ্চি হওয়ার কথা, সেখানে ২ ইঞ্চি দেওয়া হয়েছে। আবার যেখানে আরসিসি ঢালাই ১২ ইঞ্চি হওয়ার কথা, সেখানে ৮ থেকে ৯ ইঞ্চি দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পরিদর্শন শেষে স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ আনতে কত শ্রম ও ঘাম ঝরাতে হয়, তা যারা বরাদ্দ আদায় করে আনেন তারাই জানেন।
অনিয়মেরও একটি সীমা থাকে। কিন্তু এখানে যে কাজ করা হয়েছে তা পুকুর চুরিকেও হার মানায়। ১২ ইঞ্চির জায়গায় ৯ ইঞ্চি, ৪ ইঞ্চির জায়গায় ২ ইঞ্চি ঢালাই করা হয়েছে। এটা কীভাবে মেনে নেওয়া যায়? তিনি আরও বলেন, জনগণের অর্থে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পে এ ধরনের অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা