রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। চুরির ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা যায়, মুখোশধারী দুজন ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাচ্ছেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চুরি হওয়া মোটরসাইকেলটি ইয়ামাহা কম্পানির ‘এফজেডএস ভার্সন-২’ মডেলের ছিল। এর রঙ ছিল কালো। মোটরসাইকেলটি ভাটারা থানার এএসআই মো. ফিরোজের। ভোরের দিকে মোটরসাইকেলটি থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় ছিল।এ সময় দুজন তালা ভেঙে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান।
মোটরসাইকেলে একটি জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ট্র্যাকার লাগানো ছিল। তবে চোরেরা মোটরসাইকেলটি থেকে সেই জিপিএস ট্র্যাকার খুলে ফেলেছে। ফলে মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করা যাচ্ছে না।
বেঙ্গল নিউজ ডেক্স 








