
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া এলাকার উত্তর সর্দারপাড়ায় হাইয়েস গাড়ির ধাক্কায় প্রান্তিকা সর্দার (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্তিকা উত্তর সর্দারপাড়ার বাসিন্দা গণেশ সর্দারের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।প্রান্তিকার মা পান্না সর্দার জানান, সকাল সাড়ে ১০টার দিকে প্রান্তিকা বাড়ির পাশের সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি হাইয়েস গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর গাড়ির চালক হাইয়েসটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত অবস্থায় প্রান্তিকাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাবেয়া জানান, প্রান্তিকাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম প্রতিনিধি 










