
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। কিন্তু যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, যেটার মালিক মানুষ না তারা সেটার কথা বলে শিরকী করে নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী প্রচার কার্যক্রমের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপস্থিত জনতার উদ্দেশে তারেক রহমান প্রশ্ন রাখেন—‘কাবা শরিফের মালিক কে? এই দিনদুনিয়া, আমরা যে পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিক কে? এই সূর্য–নক্ষত্র যা দেখি, এর মালিক কে? বেহেশতের মালিক কে? দোজখের মালিক কে?’
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রশ্নের উত্তরে সবাই ‘আল্লাহ’ বলে সমস্বরে উচ্চারণ করলে তিনি বলেন, ‘আপনারা সকলেই সাক্ষ্য দিলেন, পৃথিবীর মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেয়ার ক্ষমতা রাখে? রাখে না।
তাহলে কী দাঁড়াল? নির্বাচনের আগেই একটি দল এই দিব, ওই দিব বলছে, টিকিট দেব, বলছে না? যেটার মালিক মানুষ নয়, সেটার কথা যদি সে বলে, তাহলে সেটা শিরক করা হচ্ছে না? যেটার মালিক আল্লাহ একমাত্র। সবকিছুর ওপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পর কেমন ঠকানো ঠকাবে, আপনারা বুঝেন এবার।’
তারেক রহমান বলেন, যারা বলে অমুক-তমুককে দেখেছি, এবার আমাদের দেখেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা দেখা হয়েছে। তাদের এরইমধ্যে দেশের মানুষ দেখে নিয়েছে। এই কুফরি, হঠকারিতা ও মিথ্যাবাদীদের সকলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, একের পর এক ডামি ও নিশিরাতের নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ যেভাবে দেশকে নতুন করে স্বাধীন করেছে, তা ৭১-এর স্বাধীনতার মতোই তাৎপর্যপূর্ণ।
তারেক রহমান বলেন, ২০০৫ সালে বন্যায় ঢাকা থেকে সিলেট এসেছিলাম ৫ ঘণ্টায়। এখন ঢাকা থেকে সিলেট আসতে ১০ ঘণ্টা লেগে যাচ্ছে। এটাই বিগত সরকারের উন্নয়নের নমুনা।
সিলেট প্রতিনিধি 








