
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় প্রাইভেটকারের চাপায় মো. শাহিন (৪৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাক গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানিয়েছেন, মেরাদিয়ায় রাস্তার পাশে অটোরিকশাচালক দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেটকারটি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টায় মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় প্রাইভেটকার চালক নওয়াব আলীকে (৭৪) আটক করে গাড়িটি জব্দ করা হয়েছে। আটক চালকের বাড়ি শরীয়তপুরে। বর্তমানে তিনি মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় থাকতেন। নিহতের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বেঙ্গল নিউজ ডেক্স 









