
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের মধ্য ব্রাহ্মণপাড়া গ্রামে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, মঙ্গলবার গভীর রাতে কে বা কারা আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারীকে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। বুধবার সকালে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ভাঙ্গা থানার উপপরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি 








