
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা শহীদ পেট্রোল পাম্পের সামনে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আরোহীর নাম হৃদয় হোসেন (৩০)। তিনি বগুড়া জেলার শেরপুর থানার মামুরশাহী গ্রামের মো. দুলাল হোসেনের পুত্র।
ফায়ার ফাইটার সাগর আলী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় হোসেন বগুড়া থেকে মোটরসাইকেল চালিয়ে পাবনার বেড়ায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে শাহজাদপুর উপজেলার মাদলা শহীদ পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি ট্রাকের সাথে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হৃদয় হোসেন নিহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মো. শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের ছোট ভাই মো. ইউসুফ হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 








