
লালমনিরহাটে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর একটি ভুট্টাক্ষেত থেকে হেলাল হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
বুধবার সকালে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের জয়হরি এলাকায় এই মরদেহটি উদ্ধার করা হয়।নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে হেলাল নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে স্থানীয়রা ভুট্টাক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, হেলাল মাঝেমধ্যে বিদ্যুৎ সংক্রান্ত কাজের সঙ্গেও জড়িত ছিলেন।
যে স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে বিদ্যুতের কয়েকটি খুঁটির তার চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর মধ্যে আলোচনা চলছে। তবে মোস্তফী পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ তাজিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো তেমন কোনো জোরালো আলামত পাওয়া যায়নি। ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, নিহতের প্রাথমিক পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে বলে তিনি নিশ্চিত করেন।
লালমনিরহাট প্রতিনিধি 








