
চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর মোহাম্মদ জায়হান নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির পেছনে ময়লা-আবর্জনার ভাগাড় থেকে গত বুধবার রাত ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, মাথায় আঘাত করে শিশুটিকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী এক পরিবারের তিন সদস্যকে আটক করা হয়েছে। জায়হান পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহজাহানের ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে খেলতে খেলতে নিখোঁজ হয় জায়হান। পরিবারের সদস্যরা জানান, দুপুর ১টার দিকে তাকে গোসল করানোর জন্য খুঁজতে গিয়ে আর খুঁজে পাননি। পরে আত্মীয়স্বজন ও আশপাশে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় বিকাল ৪টার দিকে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, শিশুটিকে খোঁজার একপর্যায়ে পরিবারের সদস্যরা তাদের ঘরের বিছানার ওপর একটি হাতে লেখা চিরকুট পান। সেখানে দাবি করা হয়, তিন লাখ টাকা ও একটি আনলক করা মোবাইল ফোন নির্দিষ্ট স্থানে রেখে এলে শিশুটিকে ফেরত দেওয়া হবে। চিরকুটে পুলিশকে জানালে শিশুটির লাশ পাওয়া যাবে বলেও হুমকি দেওয়া হয়। পাশাপাশি পরিবারের ওপর নজর রাখা হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
চট্টগ্রাম প্রতিনিধিঃ 










