
সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতায় কর্মস্থলে ফিরতে পারছেন না নেত্রকোনার চার প্রবাসী। দীর্ঘদিনের কর্মসংস্থান হারিয়ে তাঁরা ও তাঁদের পরিবার আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ক্ষতিগ্রস্ত প্রবাসীরা হলেন নেত্রকোনা সদর উপজেলার মো. আবুল কালাম, কেন্দুয়া উপজেলার সৈয়দ রয়েল পারভেজ ও মো. রনি মিয়া এবং মোহনগঞ্জ উপজেলার মো. আরিফুল ইসলাম। তাঁরা সবাই সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। ছুটিতে দেশে ফেরার পর ভিসা বাতিলসহ বিভিন্ন জটিলতার কারণে তাঁদের অনেকে আর কর্মস্থলে ফিরতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনরায় আমিরাতে কর্মস্থলে ফেরার সুযোগ সৃষ্টি, ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক উদ্যোগ এবং প্রয়োজনীয় আইনি সহায়তার দাবি জানানো হয়েছে।এ দাবিতে ‘সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ঐক্য পরিষদ’ গত ১১ আগস্ট প্রধানমন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। এতে আমিরাত সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে ভিসা জটিলতা নিরসন এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনের দাবি জানানো হয়।স্মারকলিপিতে আরও বলা হয়েছে, কোনো কারণে তাঁদের আমিরাতে ফেরানো সম্ভব না হলে বিকল্প দেশে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
পুনর্বাসন না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পরিবারকে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা ভাতা দেওয়ারও দাবি জানানো হয়েছে।নেত্রকোনার ক্ষতিগ্রস্ত প্রবাসীরা দ্রুত সরকারি উদ্যোগে কর্মস্থলে ফেরার সুযোগ এবং তাঁদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
শাহ আলী তৌফিক রিপন, ষ্টাপ রিপোর্টার 








