
ছবি সংগৃহীত
নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাত চুরি ও বিক্রির অভিযোগে রেলওয়ের এক উপ-সহকারী প্রকৌশলীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৩টার দিকে সৈয়দপুর রেলওয়ে কার্যালয় থেকে তাকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
আটক ব্যক্তির নাম সুলতান মৃধা। তিনি রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (পথ) হিসেবে দায়িত্বে রয়েছেন। সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ-উন-নবী বলেন, সুলতান মৃধাকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় আটক করে থানায় নেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সুলতান মৃধার কার্যালয়ের সংরক্ষিত স্টোর থেকে গ্যাস সিলিন্ডার ও রেললাইনের পাত কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তার ভাষ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই স্টোর থেকেই গ্যাস দিয়ে রেললাইনের পাত কেটে তা পাচার করা হয়েছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
নীলফামারী প্রতিনিধিঃ 










