
ছবি সংগৃহিত
ময়মনসিংহ নগরের বড় কালীবাড়ি এলাকায় শ্যামাপূজার মণ্ডপে ছুরিকাঘাতে উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদকসহ তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে নগরীর বড় কালীবাড়ি এলাকার বন্ধুসংঘ শ্যামাপূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন বড় কালীবাড়ি বন্ধুসংঘ শ্যামাপূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন সরকার (৫৭), মানিক সরকার (২৮) ও তাঁর স্ত্রী ভারতী সরকার (২৪)। তাঁরা একই এলাকার বাসিন্দা। এর মধ্যে ভারতী সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজধানীর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আটক মামুন আহমেদও (৩৫) বড় কালীবাড়ি এলাকার বাসিন্দা।
এ বিষয়ে জানতে চাইলে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, অভিযুক্ত মামুন মণ্ডপে গিয়ে একজনের কাছে চাঁদা দাবি করেছিলেন। এ সময় বাগ্বিতণ্ডার জেরে মানিক সরকারের গলায় ছুরিকাঘাত করেন মামুন। পরে তাঁর স্ত্রী ভারতী এগিয়ে গেলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়।
তাঁদের রক্ষা করতে গিয়ে সাধন সরকারও ছুরিকাহত হন। মানিক ও সাধনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভারতীকে ঢাকায় পাঠানো হয়েছে। অভিযুক্ত মামুনের বিরুদ্ধে আগেও মারামারির মামলা আছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ময়মনসিংহ প্রতিনিধী 








