
ছবি সংগৃহিত
মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি।
প্রতাপ দাস নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎই বিকট শব্দ হলো। দেখি, ভাঙ্গাগামী যাত্রীবাহী একটি বাস সামনে থাকা পণ্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেল।’
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অতিরিক্ত গতির কারণেই এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলেও জানান তিনি।
মাদারীপুর প্রতিনিধি 








