
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এই হাসপাতালে চিকিৎসাধীন।
সার্বিক নিরাপত্তার জন্য আজ বুধবার এই বিজিবি মোতায়েন করা হয়। দায়িত্বরত বিজিবি কর্মকর্তা আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘সার্বিক নিরাপত্তার জন্য এভারকেয়ার হাসপাতালের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এক প্লাটুন হাসপাতালের গেটে দায়িত্ব পালন করছে। আরেক প্লাটুন টহলে রয়েছে।’
এর আগে গত সোমবার রাতে বিশেষ নিরাপত্তার জন্য ও দলীয় নেতা-কর্মীদের ভিড় সামলাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যারিকেড বসায় পুলিশ।
অন্যান্য দিনের মতো আজ সকাল থেকে এভারকেয়ার হাসপাতালে সামনে ভিড় করতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। পুলিশের যে ব্যারিকেড দেওয়া রয়েছে, তার বাইরে তাঁরা অবস্থান করছেন।রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতা-কর্মীদের ভিড়। আজ বুধবার তোলাছবি: সাজিদ হোসেন
খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা দেওয়া শুরু করেছে। গতকাল মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন।
বেঙ্গল নিউজ ডেক্স 








