
ছবি সংগৃহিত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি ঘরের ভেতরে আগুনে পুড়ে দাদি-নাতনির মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের সৌদিয়া গেট এলাকার কাদেরিয়া পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জান্নাত আরা (৫) ও তার দাদি রুবি আক্তার (৫৫)। আগুনে আটটি ঘর পুড়ে গেছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (জোন-৩) আবদুল মান্নান দুজনের মৃত্যুর বিষয়টি বেঙ্গল নিউজ টিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার পর হুড়োহুড়ি করে সবাই বের হলেও পাঁচ বছরের শিশু জান্নাত আরা ও তার দাদি রুবি আক্তার বের হতে পারেননি। ঘরের ভেতরে পুড়েই তাদের মৃত্যু হয়েছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।
পুড়ে যাওয়া ঘরের মধ্যে একটি আধপাকা এবং বাকিগুলো কাঁচা বসতঘর। এসব ঘর সাতজন মালিকের। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা হলেন—মো. ফারুক, মো. কায়েস আহমদ, মনসুর আহমেদ, জয়নাল আবেদিন, মো. এস্কেন্দার, সনজিত ও শিরিন আক্তার।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি আরমান হোসেন বেঙ্গল নিউজ টিভি অনলাইনকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পুড়ে দুজন মারা গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে এ বিষয়ে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম প্রতিনিধি 










