
রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল ইসলাম (৩৪) ও অন্তরা (২২) নামে দু’জন নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
রবিবার সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক।
নিহত তরুণী অন্তরার বাড়ি নেত্রকোনা জেলায়। আর নাজমুল ইসলাম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রামের নূরনবীর ছেলে। তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন।
এসআই আব্দুর রাজ্জাক জানান, শনিবার রাতে নাজমুল ও অন্তরা তাঁদের কর্মস্থল থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।
তিনি জানান, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অন্তরা মারা যান। গুরুতর আহত অবস্থায় নাজমুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুজনই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। নাজমুল ইসলাম সেখানে কোয়ালিটি সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, অন্তরার স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে নাজমুল ইসলামের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
নাজমুল ইসলামের ভাতিজা সাকিব আলম বলেন, ‘চাচার অফিসের পাশেই রেললাইন ছিল। তিনি অফিস থেকে বাসায় ফেরার সময় রেললাইন দিয়ে হাঁটছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে।’
বেঙ্গল নিউজ ডেক্স 








