
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের ২৭ জন ইউপি সদস্য বিএনপিতে যোগদান করেছেন। রোববার (১১ জানুয়ারি) রাতে লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ও (আদিতমারী–কালীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।
নবাগত ইউপি সদস্যরা ফুলের তোড়া দিয়ে রোকন উদ্দিন বাবুলকে শুভেচ্ছা জানান এবং এক গুচ্ছ ধানের শীষ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। উন্নয়নের নামে হয়েছে লুটপাট, দুর্নীতি ও স্বজনপ্রীতি, যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে।
তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে এ অঞ্চলের রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করা হবে। আজ আপনাদের পাশে পেয়ে আমি গর্বিত ও অনুপ্রাণিত বোধ করছি।’
লালমনিরহাট প্রতিনিধি 








