
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন।
সোমবার রাত আনুমানিক ৮টার দিকে কলসহাটি সংলগ্ন বঙ্গবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীর অনুসারীরা রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সবুজ মিয়ার নেতৃত্বে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগীর সমর্থকদের ওপর হামলা চালায়।
এতে জামায়াত সমর্থক তাকবীর (পিতা জুয়েল মিয়া), তামিম মিয়া (পিতা আব্দুল সালাম) ও রুমান মিয়া (পিতা নওসাদ মিয়া) আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গত ১০ জানুয়ারি কলসহাটি এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে হাফিজ মিয়া নামের একজন জামায়াত থেকে বিএনপিতে যোগ দেন।
এর পরদিন ১১ জানুয়ারি কলসহাটি জামে মসজিদে অটোভাড়া পরিশোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জের ধরেই সোমবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারণা। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শাহ আলী তৌফিক রিপন , ষ্টাপ রিপোরটার 








