
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকা থেকে এক প্রতিবন্ধী অটোরিকশা চালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
নিহত সোহেল সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি দুই কন্যাসন্তানের জনক। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সোহেল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ৮টার পর পরিবারের সদস্যরা তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মুছারচর উত্তরপাড়া এলাকার রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশা চালক সোহেলকে হত্যা করে লাশ ফেলে রেখে তাঁর অটোরিকশাটি নিয়ে গেছে।
নিহতের স্ত্রী রাজিয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি আমার স্বামীর নির্মম হত্যার ন্যায়বিচার চাই। আমার দুই মেয়ে লামিয়া (১৫) ও সুরাইয়া (১০) এখন তাদের দেখাশোনা করবে কে?’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি 








