
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা ব্রিজের উপর ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী সুরমা আক্তার (২০) নামে এক নারী নিহত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে মেঘনা ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে।নিহত সুরমা আক্তার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে বলে জানা গেছে।
পরিবারের দেওয়া তথ্য সূত্রে জানা যায়, আত্মীয়ের নবজাতক সন্তানকে দেখতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় গিয়েছিলেন সুরমা আক্তার। সেখান থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে আড়ালিয়া গ্রামে নিজ বাড়িতে ফেরার সময় মেঘনা ব্রিজের উপর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এসময় অটোরিকশা যাত্রী সুরমা অটোরিকশা থেকে নিচে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকের চালক ও হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছে। স্থানীয়রা ঘাতক ট্রাকের চালক এবং হেলপারকে আটক করেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বেঙ্গল নিউজ ডেক্স 








