
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পুনর্ভবা নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল সদৃশ ৮টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মহন্ত ঘাট এলাকা থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় জেলেরা পুনর্ভবা নদীর মহন্ত ঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। ব্যাগের ভেতরে ককটেল সদৃশ বস্তুগুলো দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বারিক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বস্তুগুলোতে বিস্ফোরক আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাই ও নিশ্চিত হওয়ার জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এদিকে, জনবহুল ঘাটে ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এর নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 








