
সিলেট ও সুনামগঞ্জের চারটি সীমান্ত এলাকা দিয়ে শিশুসহ ৭০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
১১ জুন বুধবার রাতে ও বৃহস্পতিবার ১২ জুন ভোরে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র টহল সদস্যরা।
জৈন্তাপুরের শ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা দুই পরিবারের মোট ১৭ জনকে আটক করে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। তারা ৭ জন কুড়িগ্রাম জেলার এবং ১০ জন লালমনিরহাট জেলার বাসিন্দা। চার পরিবারের ২৩ জনকে আটক করে মিনাটিলা বিওপি বিজিবি সদস্যরা। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ৭ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
একইভাবে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপি বিজিবি সদস্যরা দুই পরিবারের ১৩ জনকে আটক করেছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
এছাড়া সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ছনবাড়ি সীমান্ত দিয়ে চার পরিবারের ১৭ জন পুশ ইন করা হয় বাংলাদেশে। পরে তাদের আটক করে বিজিবি। আটকদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। তারা সবাই লালমনিরহাট জেলার বাসিন্দা।
সিলেট প্রতিনিধিঃ 








