
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার একটি ধানক্ষেত থেকে মোজাম উদ্দিন শাহ (৫৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার জিয়ানগর ইউনিয়নের বড়িয়া এলাকার খড়ার ব্রিজের পশ্চিম পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল প্রায় ৭টার দিকে দুপচাঁচিয়া–আক্কেলপুর সড়কের পাশে ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মোজাম উদ্দিন শাহ উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। ঘটনার পর থেকে তাঁর ব্যবহৃত ভ্যানটির কোনো খোঁজ পাওয়া যায়নি।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
বগুড়া প্রতিনিধি 








