
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার আবুল হাসেমের ছেলে রহিম মিয়া (৫০)।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে আখাউড়া রেল সেকশনের মন্দবাগ রেলওয়ে ষ্টেশনের দক্ষিণ আউটার এলাকার রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন রহিম মিয়া।
এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে সোপর্দ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 








