
বাগেরহাটের শণখোলায় বাইজিদ মোল্লা (১৫) নামে এক ওয়ার্কশপ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০মার্চ) বিকালে হাসপাতাল থেকে তার মরতেহ হেফাজতে নিয়েছে পুলিশ। মৃত বাইজিদ উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পূর্ব রাজৈর গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক বাইজিদ শরণখোলা থানার সামনের মেসার্স মা স্টিল অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম নামে একটি ওয়ার্কশপে কাজ করতেন। দুপুরের ওয়ার্কশপের মালিক সাইফুল ইসলাম বাইজিদসহ আরও কয়েকজন শ্রমিককে উপজেলার কদমতলা গ্রামের রফিকুল জমাদ্দারের বাড়িতে ঘরের চালায় লোহার অ্যাঙ্গেল ও টিন লাগাতে পাঠান।
এসময় অ্যাঙ্গেল ঝালাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বাইজিদ। পরে তাকে উদ্ধারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।নিহতের চাচা ইব্রাহিম মোল্লা দাবি করেন, বাইজিদ মুখ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে সঠিক তদন্ত দাবি করেছেন তিনি।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নওশিন রিজওয়ানা বলেন, বাইজিদ নামের এক শ্রমিককে মৃত অবস্থায় তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, যুবকের মৃত্যু নিয়ে পরিবারের সন্দেহ থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
বাগেরহাট প্রতিনিধি 








