
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজন নারীকে মারধরের ঘটনায় মামলায় সম্ভাব্য মেয়র প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। পরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
রোববার (১২ এপ্রিল) সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। একইদিন লক্ষ্মীপুর সদর থানায় নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ মামলায় আরও ৬জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার আফতাব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার প্রয়াত ছিদ্দিক উল্যার ছেলে। তিনি লক্ষ্মীপুর পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মেয়র প্রার্থী হিসেবে তিনি বিলবোর্ড ঝুলিয়েছেন।
জানা গেছে, সাহাপুর এলাকার চাঁনগাজী হাওলাদার বাড়ির ইসমাইল হোসেনের সঙ্গে আফতাবের জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এর জের ধরে ৯ এপ্রিল আফতাবসহ তার পরিবারের অন্য সদস্যরা ইসমাইল ও তার পরিবারের নারী সদস্যদের উপর হামলা করে। এ ঘটনায় কয়েকজন আহত হয়। পরে তারা সদর হাসপাতালে চিকিৎসা নেয়। কিন্তু পরদিনও ইসমাইলদের ওপর হামলার করা হয়।
এসব ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে হামলার ঘটনায় শনিবার দুপুরে ইসমাইলের স্ত্রী ফারজানা আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করলে পুলিশ আফতাবকে গ্রেপ্তার করে।
ভিডিওতে দেখা যায়, আফতাব কয়েকজন নারীকে মারধর করছে। এসময় হামলার শিকার নারীরা তার হাত থেকে রক্ষা পেতে চিৎকার চেঁচামেচি করতে থাকে।
মামলায় অন্য অভিযুক্তরা হলেন আফতাবের ভাই মাহাতাব, ভাতিজা মো. আবির, ভাবী আরজু আক্তার, মা হালিমা বেগম, তাদের সহযোগী অহিদা আক্তার ও অহিদার ছেলে মো. শাকিল।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে আসামি আফতাবকে বাদী পক্ষের মহিলাদের মারধর করতে দেখা যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রধান আসামি আফতাবকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেয়।’
লক্ষ্মীপুর প্রতিনিধি 








