
নেত্রকোণার আটপাড়ায় নিখোঁজের দুই দিন পর মগড়া নদী থেকে হাত বাধা অবস্থায় এক বিকাশ কর্মীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রিজন মিয়া (২২) জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদী থেকে তার অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়।
আজ বুধবার সকালে ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়। এরআগে গত রোববার সকালে জেলা শহরের বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হন তিনি। বিকাল ৩টার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না।
আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, রিজন মোবাইল ব্যাংকিং বিকাশের কর্মী হিসেবে জেলা শহরে কর্মরত ছিলেন। অন্যান্য দিনের মতো রোববার সকালে বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হন। পরে বিকাল ৩টার পর থেকে তার মোবাইফোন বন্ধ হয়ে যায়।
এতে রিজনের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের লোকজন। গতকাল সন্ধ্যার দিকে মগড়া নদীতে অর্ধ গলিত একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রিজনের লাশ বলে সনাক্ত করে তার পরিবারের লোকজন। রিজনকে হত্যার পর দুর্বৃত্তরা নদীতে ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়ে পরিদর্শক বলেন, এ ঘটনার রহস্য উদঘাটনে সবদিক মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।
নেত্রকোণা প্রতিনিধি 








