
ছবি সংগৃহিত
ময়মনসিংহ সদর উপজেলায় শিবলু মিয়া (২০) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর দাপুনিয়া ইউনিয়নের সরকারি পুকুরপাড় বাজার এলাকায় তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে রাত আটটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিবলুর মৃত্যু হয়।
নিহত শিবলু মিয়া দাপুনিয়া ইউনিয়নের সরকারি পুকুরপাড় এলাকার হেলাল উদ্দিনের ছেলে। বাবা-ছেলে দুজনেই ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। এ ঘটনার পর থেকে শিবলুর শ্বশুরবাড়ির লোকজন পলাতক।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে নেওয়ার পথে শিবলু তাঁর সঙ্গে থাকা লোকজনকে বলেছেন, শ্বশুরবাড়ির লোকজনই তাঁকে ছুরিকাঘাত করেছেন। ঘটনার পর শ্বশুরবাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি, বাড়িতে তালা দেওয়া ছিল। তাঁরা ভয়ে পালিয়েছেন, নাকি হত্যার সঙ্গে জড়িত—তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যার ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ময়মনসিংহ প্রতিনিধী 








