
ছবি সংগৃহিত
গাজীপুর মহানগরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক তরুণ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে হোসেন মার্কেট এলাকায় আউচপাড়ার সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম জাহিদুল আহসান (২১)। তিনি টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং (আরএসি) বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
আহত অবস্থায় জাহিদুল ছিনতাইকারীদের ধাওয়া দেওয়ার চেষ্টা করলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ফুটপাতে পড়ে যান। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাহিদুলের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশিদ বলেন, ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ইতিমধ্যেই জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।
বেঙ্গল নিউজ ডেক্স 









