
ছবি সংগৃহিত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের ১০০ দিন পেরিয়েছে গত শনিবার। এর মধ্যে হত্যায় জড়িত অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রতীকী লাশ নিয়ে মৌনমিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুরপাড় থেকে মিছিল শুরু হয়।
মিছিলটি সব একাডেমিক ভবন প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে যায়। সেখানে সমাবেশ হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্র মজলিশ, জমিয়তে তালাবায়ে আরাবিয়াসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এদিকে গতকাল বিকেলে সাজিদ হত্যাকাণ্ডের তদন্তকারী সংস্থা সিআইডির কর্মকর্তাদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা বৈঠক হয়।
বৈঠকে সিআইডির পক্ষ থেকে দুই সপ্তাহ পরপর তদন্তের অগ্রগতি নিয়ে ব্রিফিং করা এবং তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ যে কাউকে সিআইডি জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে সিদ্ধান্ত হয়। জিজ্ঞাসাবাদের বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক শাহীনুজ্জামান।
গত ৪ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় হত্যা মামলা করেন সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ দেলওয়ার। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। মামলাটি প্রথমে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ তদন্ত করলেও পরে সিআইডিতে চলে যায়।
কুষ্টিয়া প্রতিনিধী 








