
ছবি সংগৃহিত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আনসার সদস্যরা। প্রতি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন।
নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সবচেয়ে বেশি সদস্য নিয়োজিত থাকবেন বলে উল্লেখ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে আনসারদের অবদান হবে সবচেয়ে বেশি। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন।
এই ১৩ জনের মধ্যে ৩ জন থাকবেন অস্ত্রসহ আর বাকি ১০ জন থাকবেন অস্ত্র ছাড়া। অস্ত্রবিহীন ১০ জনের মধ্যে ৬ জন থাকবেন পুরুষ আর ৪ জন থাকবেন নারী। এবারই প্রথম প্রিসাইডিং অফিসারের সঙ্গে অস্ত্রসহ একজন আনসার সদস্য মোতায়েন থাকবেন। নির্বাচনে মোট ৯ দিন আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন।
ট্রান্সপোর্ট সার্ভিসটি সর্বোচ্চ পেশাদারি ও দক্ষতার সঙ্গে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ট্রান্সপোর্ট সার্ভিস বাহিনীর বৈধ পরিচয়পত্রধারী সব সদস্যের জন্য নির্ভরযোগ্য ও নিরাপদ পরিবহন সুবিধা নিশ্চিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেঙ্গল নিউজ ডেক্স 








